লক্ষ্মীপুরের রামগঞ্জে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে বিএনপির দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলার দরবেশপুর ইউনিয়নে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।শনিবার (৮ আগস্ট) দুপুরে দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম গণমাধ্যমকে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন— দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ এবং একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ইউছুফ।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই নেতা দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা হাতিয়ে নেন। ভুক্তভোগীদের এমন অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন সরেজমিনে তদন্ত পরিচালনা করে ঘটনার সত্যতা পান।তদন্তের সময় অভিযুক্তরা দাবি করেছিলেন টাকাগুলো মসজিদ কমিটির কোষাধ্যক্ষ নিয়েছেন। তবে তদন্তে প্রমাণিত হয় যে, টাকাটা মূলত তারা দুজনই হাতিয়ে নিয়েছিলেন।দলীয় শৃঙ্খলাভঙ্গের এই গুরুতর দায়ে দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিনের যৌথ স্বাক্ষরিত এক পত্রে তাদের স্থায়ীভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়েছে, এর পর থেকে তারা দলীয় কোনো কর্মকাণ্ডে জড়িত হলে তার জন্য ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। এই অব্যাহতির অনুলিপি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এবং উপজেলা বিএনপির কাছে পাঠানো হয়েছে।

Comments
Post a Comment